সোমবার । জুন ১, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১ জুন ২০২৬, ১:২০ পূর্বাহ্ন
শেয়ার

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু


rcb

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ মৌসুমের ফাইনালে দুর্দান্ত এক ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতালেন বিরাট কোহলি। ফাইনালে গুজরাট টাইটান্সের বিপক্ষে অপরাজিত ৭৫ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ম্যাচসেরা পুরস্কারও ওঠে তার হাতেই।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন কোহলি। মাত্র ২৫ বলে অর্ধশতক পূর্ণ করে আইপিএল ক্যারিয়ারের দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েন তিনি।

ম্যাচ শেষে সাবেক ভারতীয় কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর সঙ্গে আলাপকালে কোহলি জানান, আইপিএল জয়ের স্বপ্ন তিনি বহুবার কল্পনা করেছেন।

কোহলি বলেন, ‘আমি অনেকবার ভেবেছি, একদিন আইপিএল জিতব এবং আমিই হয়তো ম্যাচ জেতানো রানটি করব। আজ সেটাই বাস্তব হলো। এটা আমাদের জন্য স্বপ্নের দিন। ম্যাচের আগে আমরা খুবই আত্মবিশ্বাসী ও নির্ভার ছিলাম। দলের সামর্থ্য সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা ছিল, যা আমাদের বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে।’

২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকে খেলে আসা কোহলি ১৯ বছর পর নিজের দ্রুততম আইপিএল ফিফটি করলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের চাহিদা অনেক বদলে গেছে।

তার ভাষায়, ‘এখন তরুণ ক্রিকেটাররা আপনাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানায়। তারা আপনাকে নিজের খেলা আরও উন্নত করতে বাধ্য করে। আমি সবসময় চেষ্টা করি কোথায় আরও ভালো করা যায়, সেটি খুঁজে বের করতে।’

কোহলি জানান, বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে অতিরিক্ত ২০-৩০ রান যোগ করার গুরুত্ব বেড়েছে। সে কারণেই তাকে নিজের মানসিকতা বদলাতে হয়েছে।

ফাইনালে দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদার বিপক্ষে বিশেষভাবে আগ্রাসী ছিলেন কোহলি। তার করা ছয় বল থেকে ২৫ রান সংগ্রহ করেন তিনি। ইনিংসের মাঝপথে শারীরিক অস্বস্তি অনুভব করলেও শেষ পর্যন্ত উইকেটে থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কোহলি।