রবিবার । মে ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩১ মে ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
শেয়ার

পে-স্কেলে নিম্ন আয়ের কর্মীদের জন্য থাকতে পারে অতিরিক্ত সুবিধা


pay-scale

ফাইল ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ জুলাই ২০২৬ থেকে বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) কার্যকরের লক্ষ্যে প্রস্তুতি চলছে। নতুন এই বেতন কাঠামোর আওতায় সরকারি কর্মচারীদের পাশাপাশি স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মূল্যস্ফীতির চাপ মোকাবিলা, নিম্ন আয়ের কর্মচারীদের জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য কমানোই সরকারের প্রধান লক্ষ্য। সম্প্রতি নবম পে-স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে নিম্নস্তরের কর্মচারীদের জন্য অতিরিক্ত সুবিধা নিশ্চিত করার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

গত ২১ মে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে জাতীয় বেতন কমিশন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটির সুপারিশ পর্যালোচনা করা হয়। বৈঠকে অর্থনৈতিক বাস্তবতা, বাজেট সক্ষমতা এবং নতুন ভাতা কাঠামো নিয়ে আলোচনা হয়। যদিও প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষ হতে আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগতে পারে, তবে চূড়ান্ত অনুমোদনের পর ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির সুবিধা কার্যকর ধরা হতে পারে। ফলে কর্মচারীরা বকেয়াসহ বর্ধিত বেতন পাওয়ার সুযোগ পাবেন।

বর্তমানে আলোচনায় থাকা প্রস্তাবগুলোর মধ্যে একটি হলো সব গ্রেডের মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা। এ ক্ষেত্রে বিভিন্ন গ্রেডের কর্মকর্তাদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়বে। অন্যদিকে, আরেকটি প্রস্তাবে ১১ থেকে ২০তম গ্রেডের নিম্ন আয়ের কর্মচারীদের মূল বেতন শতভাগ পর্যন্ত বাড়ানোর সুপারিশ রয়েছে। এ প্রস্তাব বাস্তবায়িত হলে শিক্ষক, অফিস সহকারী ও অফিস সহায়কদের মতো কর্মীদের বেতন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

নীতিনির্ধারকদের মতে, বাজারদরের ঊর্ধ্বগতির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিম্ন আয়ের কর্মচারীদের ওপর। তাই তাদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

এদিকে আগামী ৭ জুন শুরু হতে যাওয়া জাতীয় সংসদের বাজেট অধিবেশনকে কেন্দ্র করে নবম পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা বাড়ছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, নতুন অর্থবছরের বাজেট ঘোষণার সময়ই বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেলের রূপরেখা ও বাস্তবায়ন পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।