রবিবার । মে ৩১, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৩১ মে ২০২৬, ২:১১ অপরাহ্ন
শেয়ার

অভিষেকের পর এবার তৃণমূল কংগ্রেসের আরেক এমপি’র ওপর হামলার অভিযোগ


kallyan

তৃণমূল কংগ্রেস বলছে, এসব হামলার ঘটনার সঙ্গে বিজেপি জড়িত

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনার একদিন পরই এবার দলের আরেক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে।

রোববার (৩১ মে) পশ্চিমবঙ্গের হুগলি জেলার চণ্ডীতলা থানার সামনে এ ঘটনা ঘটে। বিধানসভা নির্বাচনের পর দলীয় কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে একটি স্মারকলিপি জমা দিতে সেখানে যান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ সময় বিক্ষোভকারীদের একাংশ তার গাড়িবহর ঘিরে বিক্ষোভ শুরু করে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিক্ষোভকারীরা কালো পতাকা প্রদর্শন করে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তার সঙ্গে থাকা তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেয়। এতে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিক্ষোভ চলাকালে তার মাথায় আঘাত লাগে এবং তিনি আহত হন। পরে তাকে মাথার পেছনে কাপড় চেপে ধরতে দেখা যায়।

এর আগের দিন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করতে গেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিক্ষোভ ও হেনস্তার মুখে পড়েন বলে অভিযোগ ওঠে।

তৃণমূল কংগ্রেস বলছে, এসব হামলার ঘটনার সঙ্গে বিজেপি জড়িত।

পরপর দুই তৃণমূল নেতা ও সংসদ সদস্যের ওপর ওপর হামলার অভিযোগকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।