
হামের চিকিৎসায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষায়িত সেবা চালু
দেশে চলমান হাম পরিস্থিতি আরও কার্যকরভাবে মোকাবিলা করতে এবং আক্রান্ত শিশুদের জীবন রক্ষার্থে বিশেষায়িত চিকিৎসাসেবা চালু করেছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। একই সঙ্গে হাসপাতালে আসা অন্যান্য সাধারণ রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য হাসপাতালজুড়ে আন্তর্জাতিক মানের কড়া সংক্রমণ নিয়ন্ত্রণ প্রটোকল অনুসরণ করা হচ্ছে।
রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের সাঁতারকুলে অবস্থিত এই হাসপাতালটি অল্প সময়ের মধ্যে নিজেদের চিকিৎসা কার্যক্রমকে নতুনভাবে সংগঠিত করেছে। হামের রোগীদের মাধ্যমে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে, সেজন্য হাসপাতালে পৃথক আইসোলেশন ইউনিট, জরুরি ট্রায়াজ ব্যবস্থা, পৃথক এনআইসিইউ (NICU) ও পিআইসিইউ (PICU) জোন এবং কঠোর সংক্রমণ নিয়ন্ত্রণ কার্যক্রম চালু করা হয়েছে। এ ছাড়া রোগীদের জন্য সম্পূর্ণ নির্ধারিত আলাদা চলাচল ব্যবস্থা, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিই (PPE) ব্যবহার এবং নিয়মিত পুরো হাসপাতাল এলাকা জীবাণুমুক্তকরণের মাধ্যমে একটি নিরাপদ চিকিৎসা পরিবেশ বজায় রাখা হচ্ছে।
উদ্যোক্তারা জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা যেন সহজলভ্য হয়, সেজন্য বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জরুরি সেবা, ভেন্টিলেশন সাপোর্ট ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব শিশুর অবস্থা অত্যন্ত গুরুতর, তাদের জন্য ওয়ান-টু-ওয়ান নার্সিং সাপোর্ট ও সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করা হচ্ছে।
এ বিষয়ে ইউনাইটেড হেলথকেয়ারের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. আজহারুল ইসলাম খান বলেন, ‘চলমান হাম পরিস্থিতি মোকাবিলায় সরকারি ও বেসরকারি স্বাস্থ্য খাতের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। কার্যকর সংক্রমণ নিয়ন্ত্রণ, সাশ্রয়ী চিকিৎসা, দ্রুত সচেতনতা বৃদ্ধি ও সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে এই স্বাস্থ্য সংকটকে আরও কার্যকরভাবে মোকাবিলা করতে।’










































