বুধবার । মে ২৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ২৭ মে ২০২৬, ৮:২৮ অপরাহ্ন
শেয়ার

হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু


Hum Card

ফাইল ছবি

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮ জন। এর মধ্যে পরীক্ষায় ৬২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত দুই মাসে দেশে হাম ও হামের উপসর্গে মোট ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৮৮ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৪৭২ জন।

একই সময়ে সারা দেশে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮৩৪ জনে। আর হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৬৭ হাজার ৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৩৮ জনের এবং আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৭৯৪ জন।

গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে বুধবার (২৭ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এই হিসাব প্রকাশ করা হয়েছে।