রবিবার । মে ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৩১ মে ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
শেয়ার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

বর্জ্য অপসারণে ব্যর্থ ইজারাদারদের জামানত বাজেয়াপ্ত ও কালোতালিকাভুক্তির সিদ্ধান্ত


Abdus-Salam

সংবাদ ব্রিফিংয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি কোরবানির বর্জ্য অপসারণ করেছে। তবে ১১টি অস্থায়ী পশুর হাটের ইজারাদাররা চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে বর্জ্য সরাতে ব্যর্থ হওয়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

রোববার নগর ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম জানান, ইজারাদারদের গাফিলতির কারণে জনভোগান্তি এড়াতে সিটি করপোরেশনকে নিজ উদ্যোগে হাটের বর্জ্য অপসারণ করতে হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট ইজারাদারদের জামানত বাজেয়াপ্ত ও কালোতালিকাভুক্ত করা হবে। পাশাপাশি আগামী বছর থেকে হাটের জামানতের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে।

ডিএসসির তথ্য অনুযায়ী, ঈদের দিন থেকে শনিবার রাত পর্যন্ত মোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রা ৩৩ হাজার ৯৪২ টনের চেয়েও বেশি। এ কাজে ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী এবং ২ হাজার ১১৭টি যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে।

প্রশাসক বলেন, নগরবাসীর দুর্ভোগ সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে টানা তিন দিন কোরবানি, যত্রতত্র পশুর চামড়া ফেলে রাখা এবং যানজটের কারণে কিছু সাময়িক সমস্যা তৈরি হওয়ায় তিনি নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন।

এদিকে, কোথাও বর্জ্য পড়ে থাকতে দেখলে ডিএসসিসির নিয়ন্ত্রণকক্ষে জানাতে অনুরোধ করা হয়েছে। অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছে সিটি করপোরেশন।