রবিবার । মে ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ৩১ মে ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
শেয়ার

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু


Hum Card

ফাইল ছবি

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৭৭ শিশু। এর মধ্যে ৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, আর এক হাজার ৩২৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ঢাকা ও বরিশালে হামের উপসর্গে আক্রান্ত দুই শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৪৯৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯০ শিশু। ফলে মোট মৃত শিশুর সংখ্যা হয়েছে ৫৮৫।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৭০ হাজার ৯৩৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে ৫৬ হাজার ৮৮৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫২ হাজার ৮৪১ শিশু।

এ ছাড়া একই সময়ের মধ্যে দেশে মোট ৯ হাজার ৪৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকাদানের আওতায় আনা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।