
ভোজপুরি চলচ্চিত্র জগতের একসময়ের আলোচিত অভিনেত্রী ও মডেল মিতালি শর্মার বর্তমান অবস্থা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্যারিয়ারের শুরুতে সম্ভাবনাময় তারকা হিসেবে পরিচিতি পেলেও সময়ের সঙ্গে কাজের সুযোগ কমে যাওয়ায় জীবনে নেমে আসে কঠিন সংকট।
দিল্লির বাসিন্দা মিতালি অভিনয়ের স্বপ্ন নিয়ে মুম্বইয়ে পাড়ি জমিয়েছিলেন। প্রথম দিকের কয়েকটি সিনেমায় অভিনয় করে তিনি দর্শক ও নির্মাতাদের নজর কাড়েন। তবে পরে চলচ্চিত্র অঙ্গনে কাজ কমতে থাকায় আর্থিক ও মানসিক চাপের মুখে পড়েন বলে জানা গেছে।
পরিবার থেকে দূরে থাকা এবং স্থায়ী আয়ের অভাবে তিনি ধীরে ধীরে হতাশায় ভুগতে শুরু করেন। বিভিন্ন সূত্রের দাবি, একসময় তাঁকে মুম্বইয়ের লোখান্ডওয়ালা এলাকায় অসহায় অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াতে এবং ভিক্ষা করতে দেখা যায়, যা অনেককে বিস্মিত করেছে।
স্থানীয় সূত্র জানায়, মুম্বই পুলিশ তাঁকে রাস্তায় অসংলগ্ন অবস্থায় দেখতে পেয়ে নিজেদের হেফাজতে নেয়। পরে তাঁর শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। একসময়ের পরিচিত এই অভিনেত্রীর এমন পরিণতি বিনোদন অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: এই সময়












































