শনিবার । মে ২৩, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২৩ মে ২০২৬, ৯:১৪ অপরাহ্ন
শেয়ার

আন্তর্জাতিক ক্রিকেটে একগুচ্ছ বড় পরিবর্তন আনছে আইসিসি


icc

ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটের চিরচেনা রূপ, নিয়ম ও গতিতে বড় ধরনের কিছু পরিবর্তন আনার জোর চিন্তাভাবনা করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। খেলাকে আরও আধুনিক, গতিশীল ও আকর্ষণীয় করতে ইতিমধ্যে বেশ কিছু নতুন নিয়মের প্রস্তাব করা হয়েছে। আগামী ৩০ মে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিতব্য আইসিসির হাইপ্রোফাইল বোর্ড সভায় এই প্রস্তাবগুলো অনুমোদন পেয়ে গেলেই বিশ্ব ক্রিকেটে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে পারে নতুন এই নিয়মগুলো।

প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, ওয়ানডে বা একদিনের আন্তর্জাতিক ম্যাচে এখন থেকে ১ ঘণ্টা ১০ মিনিট পরপর যে দুইবার পানি পানের (ড্রিংকস ব্রেক) বিরতি থাকে, সেই বিরতিকালীন সময়ে দলগুলোর প্রধান কোচেরা সরাসরি মাঠের ভেতরে প্রবেশ করতে পারবেন। মাঠে ঢুকে তারা কৌশল নির্ধারণ ও দিকনির্দেশনা নিয়ে খেলোয়াড়দের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটের গতি বাড়াতে দুই ইনিংসের মাঝের বিরতি ২০ মিনিট থেকে কমিয়ে ১৫ মিনিট করার প্রস্তাব করা হয়েছে।

ক্রিকেটের আধুনিকায়নে আম্পায়ারিং ও প্রযুক্তির ক্ষেত্রেও বড় বদল আসছে। বিশেষ করে বোলারদের অবৈধ বোলিং অ্যাকশন মাঠেই তাৎক্ষণিক সনাক্ত করতে অত্যাধুনিক ‘হক-আই’ প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে আইসিসি। এই নিয়মে অন-ফিল্ড আম্পায়ারদের সরাসরি হক-আই ডেটা ব্যবহারের সুযোগ দেওয়া হবে, যার ফলে ম্যাচ চলাকালেই লাইভ অ্যাকশনে কোনো বোলারের সন্দেহজনক বোলিং অ্যাকশন নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা অনেক সহজ হবে।

সবচেয়ে চমকপ্রদ পরিবর্তনটি আসতে যাচ্ছে সাদা পোশাকের ঐতিহ্যবাহী টেস্ট ক্রিকেটে। এখন থেকে টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে আবহাওয়া খারাপ হলে বা আলোজনিত (ব্যাড লাইট) সমস্যা তৈরি হলে খেলা বন্ধ না রেখে, প্রয়োজনে লাল বলের বদলে সাময়িকভাবে পিঙ্ক বা গোলাপী বল ব্যবহার করা হতে পারে।

তবে এর জন্য অবশ্যই দুই দলের অধিনায়কের সম্মতি লাগবে। দুই দল সম্মত থাকলে আলো কমে গেলেও ডে-নাইট কন্ডিশনে খেলা চালিয়ে যাওয়া যাবে, যাতে মন্থর ওভার রেট বা আলোর অভাবে টেস্ট ম্যাচ ড্র হওয়ার প্রবণতা কমে আসে। ৩০ মে’র বোর্ড সভার পর এই বিষয়ে চূড়ান্ত রূপরেখা জানা যাবে।