শনিবার । মে ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ মে ২০২৬, ৮:০৪ অপরাহ্ন
শেয়ার

রামিসার ডিএনএ টেস্টের রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর


ramisa

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে নির্মম ধর্ষণের পর গলা কেটে হত্যার শিকার সাত বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ডিএনএ টেস্টের রিপোর্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ শনিবার (২৩ মে) বিকেলে সিআইডির ফরেনসিক ল্যাব থেকে অত্যন্ত দ্রুততার সাথে এই বৈজ্ঞানিক প্রতিবেদনটি জমা দেওয়া হয়।

এই গুরুত্বপূর্ণ মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, সব আইনি প্রক্রিয়া ও তথ্য-প্রমাণ গোছানো থাকায় আগামীকাল রোববার (২৪ মে) বিকেলের মধ্যেই আদালতে এই মামলার চূড়ান্ত চার্জশিট (অভিযোগপত্র) জমা দেওয়া সম্ভব হতে পারে।

মামলার বিবরণী থেকে জানা গেছে, গত ১৯ মে পল্লবীর মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে নৃশংসভাবে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। এই বর্বরোচিত ঘটনার পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এর আগে গত বুধবার (২০ মে) মামলার প্রধান আসামি লম্পট সোহেল রানাকে আদালতে হাজির করা হলে সে নিজের দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে সে স্বীকার করে, ঘটনার ঠিক আগে সে অতিরিক্ত মাত্রায় ইয়াবা সেবন করেছিল এবং মাদকাসক্ত অবস্থায় সে এই জঘন্য অপরাধটি ঘটায়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ আসামির এই স্বীকারোক্তি রেকর্ড করার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।