শনিবার । মে ২৩, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৩ মে ২০২৬, ৮:১৯ অপরাহ্ন
শেয়ার

ভারতে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিন কর্মকর্তা


helicopter-crash

ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেহ জেলার দুর্গম তাংস্তে এলাকায় দেশটির সেনাবাহিনীর একটি ‘চিতা’ হেলিকপ্টার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। তবে কপ্টারটি সম্পূর্ণ বিধ্বস্ত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আরোহী তিন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। গত ২০ মে এই দুর্ঘটনাটি ঘটলেও আজ শনিবার (২৩ মে) সকালে ভারতীয় সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটিতে যাত্রী হিসেবে ছিলেন ৩ ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল সচিন মেহতা। আর কপ্টারটি পাইলট হিসেবে চালাচ্ছিলেন একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন মেজর। দুর্গম পাহাড়ি পরিবেশে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে কপ্টারটি আছড়ে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় তিন কর্মকর্তাই কম-বেশি আহত হলেও পাহাড়ের প্রতিকূল পরিস্থিতির মধ্যে তাদের বেঁচে যাওয়াকে ‘অলৌকিক’ হিসেবে বর্ণনা করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর পরই বিধ্বস্ত হেলিকপ্টারটির পাশে পাথরের ওপর বসে মেজর জেনারেল সচিন মেহতার তোলা একটি সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, কপ্টারটি দুমড়েমুচড়ে পড়ে থাকলেও তার পাশেই এই তিন সেনা কর্মকর্তা অত্যন্ত শান্তভাবে বসে আছেন। জীবন-মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও এমন শান্ত ভঙ্গিতে সেলফি তোলার বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য ইতিমধ্যে একটি সরকারি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে এই দুর্ঘটনার পর ভারতে আবারো বড় ধরনের প্রশ্ন উঠেছে সেনাবাহিনীতে ব্যবহৃত পুরোনো ‘চিতা’ হেলিকপ্টার বহরের নিরাপত্তা নিয়ে। ১৯৭০-এর দশকে চালু হওয়া এই হেলিকপ্টারগুলো দীর্ঘদিন ধরে ভারতের দুর্গম ও উচ্চ পার্বত্য অঞ্চলে ব্যবহৃত হয়ে আসছে। এটি ১৯৮৪ সালে সিয়াচেন গ্লেসিয়ারে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন মেঘদূত’-এও ব্যবহৃত হয়েছিল।

কিন্তু গত কয়েক বছরে একাধিক দুর্ঘটনায় জড়িয়েছে চিতা বহর, যেখানে বহু পাইলট প্রাণ হারিয়েছেন। যার ফলে ভারতীয় সেনাবাহিনী ধীরে ধীরে এই পুরোনো বহর সরিয়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (এইচএএল) নির্মিত দেশীয় প্রযুক্তির ‘লাইট ইউটিলিটি হেলিকপ্টার’ (এলইউএইচ) যুক্ত করছে।