
ফাইল ছবি
ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গে ষাঁড়, বলদ, গরু, বাছুর ও মহিষ জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। আদালত একইসঙ্গে মন্তব্য করেছে, গরু কোরবানি ঈদুল আজহার অবিচ্ছেদ্য অংশ নয় এবং ইসলামে এটি ধর্মীয়ভাবে বাধ্যতামূলকও নয়।
শুক্রবার (২২ মে) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, প্রধান বিচারপতি সুজয় পল ও বিচারপতি পার্থ সারথী সেন সমন্বয়ে গঠিত বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের জারি করা নিষেধাজ্ঞা বহাল রাখেন।
এর আগে, কয়েকটি জনস্বার্থ মামলায় রাজ্যের ওই নির্দেশনা বাতিল এবং অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়েছিল। মামলায় ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ পশু কুরবানি নিয়ন্ত্রণ আইনের ১২ নম্বর ধারা নিয়ে প্রশ্ন তোলা হয়। ওই ধারায় ধর্মীয়, ওষুধ বা গবেষণার প্রয়োজনে নিষিদ্ধ পশু জবাইয়ের ক্ষেত্রে ছাড় দেওয়ার ক্ষমতা সরকারের রয়েছে কি না, তা নিয়েও শুনানি হয়।
তবে আদালত জানায়, ২০২৬ সালের ১৩ মে জারি করা বিজ্ঞপ্তিটি মূলত ২০১৮ সালের হাইকোর্টের আগের নির্দেশনার বাস্তবায়ন। তাই এ নির্দেশনা স্থগিত বা বাতিল করার মতো কোনো কারণ আদালত দেখছে না।
রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ষাঁড়, বলদ, গরু, বাছুর ও মহিষকে ‘নাজুক’ ঘোষণা করা হলে সনদপত্র ছাড়া জবাই করা যাবে না।
মামলায় জ্যেষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেন, আইনটি মূলত কলকাতা ও কয়েকটি পৌর এলাকার জন্য প্রণয়ন করা হয়েছিল, পুরো রাজ্যের জন্য নয়। তবে আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করতে রাজি হয়নি।
অন্যদিকে, কলকাতা পৌরসংস্থার আইনজীবী নীলোৎপল চ্যাটার্জি আদালতকে জানান, প্রয়োজনীয় অবকাঠামো ও সনদ দেওয়ার ব্যবস্থা তাদের রয়েছে। আদালতও বলেছে, সনদ প্রদানের সঠিক ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব রাজ্যের এবং কোনো ঘাটতি থাকলে তা দ্রুত সমাধান করতে হবে।















































