
ফাইল ছবি
দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ভবিষ্যতে সব ধরনের আন্তর্জাতিক চুক্তি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
শনিবার (২৩ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্র ও মরক্কো সফর নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, কোনো চুক্তির বিষয়ে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তই নয়, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের মতামত বিবেচনায় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সফরকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে মাইগ্রেশন, রোহিঙ্গা সংকট, বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাষ্ট্র বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
এদিকে, পল কাপুরের সঙ্গে বৈঠকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি এবং ভিসা প্রক্রিয়া আরও সহজ করার বিষয় গুরুত্ব পেয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
অন্যদিকে মরক্কোর সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক যোগাযোগ জোরদারের লক্ষ্যে বি-টু-বি সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সার ও পাট খাতে দুই দেশের বেসরকারি পর্যায়ে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।












































