
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ শনিবার ময়মনসিংহের ত্রিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জন্মজয়ন্তীর উদ্বোধনের পাশাপাশি একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন।
জেলা প্রশাসন ও স্থানীয় বিএনপি সূত্র জানায়, সকালে ঢাকা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। দুপুরে বৈলর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধনের পর তিনি ত্রিশাল ডাকবাংলোয় যাবেন। পরে বিকেলে ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল একাডেমি মাঠে নজরুল জন্মজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সন্ধ্যার আগে নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফর শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন। বহু বছর পর এবার জাতীয় পর্যায়ে ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উদযাপন হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তিন দিনব্যাপী আয়োজনে নজরুল একাডেমি মাঠে বসেছে মেলা, পাশাপাশি চলছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, অতীতে ত্রিশালবাসী গুরুত্বপূর্ণ উপহার পেয়েছে, এবারও প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।











































