
ফাইল ছবি
রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার আদালতে আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করেছেন। বুধবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তাদের বক্তব্য গ্রহণ করা হয়।
বিচারক মাসরুর সালেকীনের আদালতে শুনানির সময় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মূসা কালিমুল্ল্যাহ আসামিদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। আদালত সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনানোর পর আসামিদের বক্তব্য জানতে চাইলে সোহেল রানা নিজের নির্দোষতার দাবি করেন। একই সঙ্গে তিনি তার স্ত্রীকে নির্দোষ বলে উল্লেখ করেন।
পরে আদালত স্বপ্না আক্তারের বক্তব্য শুনতে চাইলে তিনিও কোনো অপরাধে জড়িত নন বলে দাবি করেন। এ সময় বিচারক ঘটনার বিষয়ে কিছু প্রশ্ন করেন এবং অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তির বিষয়টিও তাকে স্মরণ করিয়ে দেন। তবে স্বপ্না বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
দুই আসামির বক্তব্য রেকর্ড শেষে মামলার পরবর্তী ধাপ হিসেবে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন নির্ধারণ করেছেন আদালত। এর আগে মামলার চার্জশিটভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।












































