
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবার (১৫ এপ্রিল) থেকে নিয়োগসংক্রান্ত সব ধরনের কোটা আবেদন ও প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে আবেদন প্রক্রিয়া বাধ্যতামূলকভাবে ‘ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম’ (এফডব্লিওসিএমএস) ব্যবহার করে সম্পন্ন করতে হবে।
মালয়েশিয়ার ১৯৫৫ সালের কর্মসংস্থান আইনের ধারা ৬০কে অনুযায়ী বিদেশি কর্মী নিয়োগের প্রাথমিক অনুমোদন, কোটা আবেদন এবং সাক্ষাৎকারের সময় নির্ধারণসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম এই নতুন ডিজিটাল ব্যবস্থার আওতায় পরিচালিত হবে।

কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের জন্য নির্ধারিত অবশিষ্ট কোটার সংখ্যার ওপরই আবেদন গ্রহণ নির্ভর করবে। কেবল সরকার অনুমোদিত নির্দিষ্ট সেক্টর ও সাব-সেক্টরের জন্যই আবেদন গ্রহণ করা হবে। কোনো খাতে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে সেই খাতে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
আবেদন প্রক্রিয়াকে নিয়োগকর্তাদের কাছে আরও সহজ ও স্বচ্ছ করতে মন্ত্রণালয় একটি বিশেষ ফ্লো-চার্ট বা নির্দেশিকা প্রকাশ করেছে। আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা আবেদন করার আগেই প্রয়োজনীয় সব কাগজপত্র এবং যোগ্যতার শর্তাবলি ভালোভাবে যাচাই করে নেন। বিস্তারিত শর্ত, মানদণ্ড ও নথির তালিকা এফডব্লিউসিএমএস প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
নির্ধারিত সময়সীমার মধ্যে সঠিক নিয়ম অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ। আগ্রহীরা সরাসরি https://fwcms.com.my/ এই লিঙ্কের মাধ্যমে তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই ডিজিটাল পদ্ধতি চালুর ফলে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে।








































