
সংগৃহীত ছবি
মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ভারত ও বাংলাদেশের ১০ অভিবাসীকে আটক করেছে দেশটির সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থা এপিএমএম। কেলান্তান অঙ্গরাজ্যের কোটা ভারুর কামপুং কেদাই বুলোহ নদীর তীরে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, মানবপাচারে ব্যবহৃত গোপন নৌপথের তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে এপিএমএম। কেলান্তান পরিচালক ক্যাপ্টেন কামাল মোহামাদের ভাষ্য অনুযায়ী, সুঙ্গাই কেলান্তান জলসীমায় সন্দেহজনকভাবে চলাচল করা একটি নৌকাকে অনুসরণ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে রাত দেড়টার দিকে নদীতীরে অভিযান চালিয়ে বিদেশি নাগরিকদের আটক করা হয়।
‘অপস নাগা’, ‘অপস দামাই’, ‘অপস পেলান্তান মেরাহ’ ও ‘অপস তিরিস’ নামে পরিচালিত এ অভিযানে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, তা এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
আটক অভিবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।












































