
দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার কুয়ালালামপুরে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক বাংলাদেশি যুবককে হত্যার অভিযোগে এক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে কুয়ালালামপুরের এমইএক্স হাইওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে নিহত ২২ বছর বয়সী ওই বাংলাদেশির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে ৩১ বছর বয়সী এক সেনা কর্মকর্তা তার ‘ফোর্ড ফিয়েস্তা’ গাড়ি নিয়ে ভুল পথে ঢুকে পড়েন। হাইওয়েতে সালাক সেলাতানের দিক থেকে জালান তুন রাজাকগামী পথে বিপরীত দিক থেকে আসা একটি ‘পেরোদুয়া আলজা’ (ই-হেইলিং) গাড়িকে সজোরে ধাক্কা দেয় সেনা কর্মকর্তার গাড়িটি।
দুর্ঘটনার সময় ই-হেইলিং গাড়িটিতে দুজন বাংলাদেশি যাত্রী ছিলেন, যারা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরছিলেন। সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে, গাড়ির মাঝের সারিতে বসা ২২ বছর বয়সী ওই বাংলাদেশি যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় ঘাতক গাড়িচালক সেনা কর্মকর্তা এবং তার সঙ্গে থাকা ৩৬ বছর বয়সী এক স্থানীয় নারী যাত্রীও আহত হয়েছেন।

কুয়ালালামপুর পুলিশের ট্রাফিক তদন্ত ও প্রয়োগ বিভাগের প্রধান জানিয়েছেন, অভিযুক্ত সেনা কর্মকর্তার অ্যালকোহল টেস্টে মাত্রাতিরিক্ত মদ্যপানের প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪৪ (১) ধারায় মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফেরার পথে এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।











































