
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে ভারত সরকার। একই সঙ্গে নতুন করে কাউকে ইরানে ভ্রমণ না করার জন্যও কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জারি করা এক নির্দেশনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমানে সীমিত পরিসরে কিছু আন্তর্জাতিক ফ্লাইট চালু রয়েছে। তাই এসব ফ্লাইট ব্যবহার করে যত দ্রুত সম্ভব ইরান ছাড়ার আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, আকাশসীমায় বিধিনিষেধ ও বিমান চলাচলে অনিশ্চয়তার কারণে ইরানের আন্তর্জাতিক ফ্লাইটগুলো ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে আকাশপথ বা স্থলপথ—কোনোভাবেই নতুন করে ইরান ভ্রমণ না করার জন্য ভারতীয় নাগরিকদের জোরালোভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয়দের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে নির্ধারিত স্থল সীমান্তপথ ব্যবহার করে দেশটি ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।








































