
সংগৃহীত ছবি
ওমান সাগরে যুক্তরাষ্ট্রের জব্দ করার চেষ্টা ব্যর্থ করে হরমুজ প্রণালি অতিক্রম করে নিরাপদে গন্তব্যে পৌঁছেছে ইরানের একটি চালবাহী জাহাজ। জাহাজটির নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি পাহারায় ছিল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নৌ ইউনিট।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও আধা-সরকারি ফারস নিউজ জানায়, মার্কিন নৌবাহিনী জাহাজটিকে থামিয়ে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়। তবে আইআরজিসির দ্রুত হস্তক্ষেপ ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।
ইরানি সূত্র জানিয়েছে, পরে জাহাজটি অবরোধ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালি পেরিয়ে নির্ধারিত বন্দরে নোঙর করে। আন্তর্জাতিক গণমাধ্যম এ ঘটনাকে মধ্যপ্রাচ্যের জলসীমায় চলমান উত্তেজনার নতুন অধ্যায় হিসেবে দেখছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানমুখী সমুদ্রপথে পণ্য পরিবহনে অবরোধের আহ্বান জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে।
বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্তত ২৬টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে, যার মধ্যে দুটি বিমানবাহী রণতরী রয়েছে। এছাড়া ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ নামের আরও একটি রণতরী মধ্যপ্রাচ্যের দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, আইআরজিসির এই পদক্ষেপ ইরানের সমুদ্রসীমা ও বাণিজ্যিক স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানের স্পষ্ট বার্তা দিয়েছে। ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া উত্তেজনার পর গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোতে সামরিক উপস্থিতি ও মুখোমুখি অবস্থান আরও বেড়েছে।






































