
ফাইল ছবি
দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি এপ্রিল মাসের ২২ দিনে দেশে ২৪১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ১০ কোটি ১৯ লাখ ডলার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের এই সর্বশেষ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্যমতে, গত বছরের এপ্রিলের প্রথম ২২ দিনে রেমিট্যান্স এসেছিল ২০৫ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় এ বছর একই সময়ে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২২ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৬২ কোটি ৬০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ১০ শতাংশ বেশি।

খাত সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক মাস ধরেই রেমিট্যান্স প্রবাহে রেকর্ড সৃষ্টি হচ্ছে। গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল, যা বাংলাদেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ আয়। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেও প্রবাসী আয় ৩০০ কোটি ডলারের ঘর ছাড়িয়েছিল।
অর্থনীতিবিদদের মতে, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন উৎসাহ এবং ডলারের বাজারভিত্তিক বিনিময় হার কার্যকর করার সুফল পাওয়া যাচ্ছে। রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সামগ্রিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফেরাতে বড় ভূমিকা রাখছে।
উল্লেখ্য, গত বছরের শেষ দিকেও রেমিট্যান্স প্রবাহ ছিল সন্তোষজনক। গত ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ এবং নভেম্বরে প্রায় ২৮৯ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। রেমিট্যান্সের এই বর্তমান গতি বজায় থাকলে অর্থবছর শেষে এটি নতুন মাইলফলক স্পর্শ করবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।







































