
সংগৃহীত ছবি
ভারত মহাসাগরে অভিযান চালিয়ে ইরানের তেল পরিবহনে জড়িত একটি ‘রাষ্ট্রহীন জাহাজ’ জব্দ করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত রাতে ‘এমটি ম্যাজেস্টিক এক্স’ নামের জাহাজটিতে তল্লাশি ও নিয়ন্ত্রণ অভিযান চালানো হয় বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র দাবি করেছে, জাহাজটি তাদের ইন্দো-প্যাসিফিক কমান্ড এলাকার মধ্যে অবস্থান করছিল। নিষেধাজ্ঞার আওতায় থাকা এ জাহাজটি ইরানের তেল পাচার কার্যক্রমে যুক্ত ছিল বলেও অভিযোগ করা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, ইরানকে সহায়তা ও বিভিন্ন সরঞ্জাম সরবরাহকারী জাহাজগুলোর চলাচল বন্ধ করতে এবং অবৈধ নেটওয়ার্ক ধ্বংসে তাদের বৈশ্বিক অভিযান চলমান থাকবে। যেখানেই থাকুক, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক জলসীমাকে ঢাল হিসেবে ব্যবহার করে কেউ পার পাবে না। সমুদ্রপথে অবৈধ কার্যক্রম ও সংশ্লিষ্ট জাহাজের অবাধ চলাচল রুখতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর।
সূত্র: আল–জাজিরা






































