
ফাইল ছবি
রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় ‘জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’ শীর্ষক এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বুধবার (২২ এপ্রিল) দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই বিপ্লবের শহিদদের স্মৃতিচারণ ও আহত যোদ্ধাদের সম্মানার্থে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতারাও এই সমাবেশে অংশ নেবেন।

রাজনৈতিক সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের যে আন্দোলন চলছে, এই সমাবেশ তারই একটি ধারাবাহিক অংশ। এর আগে গত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তির জানান দিয়েছে এই নির্বাচনি ঐক্য।
শনিবারের এই সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে দলটি। সোহরাওয়ার্দী উদ্যানের এই জনসভাকে সফল করতে ঢাকা মহানগরীসহ আশপাশের জেলাগুলোতেও চলছে ব্যাপক প্রচারণা। সমাবেশ থেকে আগামী দিনের রাজনৈতিক ও নির্বাচনি রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।








































