বুধবার । এপ্রিল ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২২ এপ্রিল ২০২৬, ৮:১৯ অপরাহ্ন
শেয়ার

ঐক্যবদ্ধ হয়ে প্রস্তাব: ইরানকে সীমিত সময় দিতে চান ট্রাম্প


Trump

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা আবার শুরু করার উদ্দেশ্যে ইরানকে সীমিত সময় দেওয়ার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে তেহরানকে ঐক্যবদ্ধ অবস্থানে এসে একটি প্রস্তাব দিতে বলা হতে পারে বলে মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে।

সূত্রগুলোর দাবি, ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়াতে আগ্রহী নয়। একই সঙ্গে তারা মনে করছে, ইরান যেন আলোচনার প্রক্রিয়া দীর্ঘায়িত করতে না পারে, সে বিষয়েও চাপ বজায় রাখা প্রয়োজন।

প্রেসিডেন্ট ট্রাম্প দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে চান বলেও জানা গেছে। তার ধারণা, নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিলে যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই ইরান আবার আলোচনার টেবিলে ফিরতে বাধ্য হতে পারে।

তবে মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ইরানের নেতৃত্বের মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে। আলোচকদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে কি না, তা নিয়েও সংশয় রয়েছে।

এদিকে ট্রাম্প প্রশাসনের মতে, আলোচনা চলাকালে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ইরানের ওপর চাপ বাড়াবে। তবে এই অবরোধ দীর্ঘ হলে বিশ্ব অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে প্রশাসনের ভেতরেই উদ্বেগ রয়েছে।

সূত্র: সিএনএন