বুধবার । এপ্রিল ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২২ এপ্রিল ২০২৬, ৫:৫২ পূর্বাহ্ন
শেয়ার

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শাহবাজ শরিফ


Shahbaz Sharif

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ বলেন, ব্যক্তিগতভাবে এবং ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের পক্ষ থেকেও তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার সুযোগ দিতে পাকিস্তানের অনুরোধ গ্রহণ করায় তিনি ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, সংকটের শান্তিপূর্ণ সমাধানে পাকিস্তান তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।

শাহবাজ শরিফ আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট উভয় পক্ষ যুদ্ধবিরতি মেনে চলবে এবং ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফার আলোচনায় একটি ব্যাপক শান্তি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে।

তার মতে, এ ধরনের সমঝোতা চলমান সংঘাতের স্থায়ী অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: আল জাজিরা