বুধবার । এপ্রিল ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ এপ্রিল ২০২৬, ৩:০১ অপরাহ্ন
শেয়ার

অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী 


unesco

ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে অপতথ্য ও ভুল তথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর ‘রোডম্যাপ’ তৈরির আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইউনেস্কোর প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম এবং বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে ওঠা অপপ্রচার রোধে তাদের ভূমিকার কথা তুলে ধরেন।

সাক্ষাৎকালে ড. সুসান ভাইজ জানান, ইউনেস্কো বর্তমানে তথ্য যাচাই বা ‘ফ্যাক্ট-চেকিং’-এর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং এর অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ইউনেস্কোর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, তথ্যের স্বচ্ছতা বজায় রাখতে ইউনেস্কোর অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগানোর বড় সুযোগ রয়েছে।

ইউনেস্কো প্রতিনিধি এ বিষয়ে সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানাও উপস্থিত ছিলেন।