মঙ্গলবার । এপ্রিল ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ এপ্রিল ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন
শেয়ার

দেশের বৈদেশিক ঋণ ৭৮ বিলিয়ন ডলার: সংসদে অর্থমন্ত্রী


amir-khasru

ছবি: সংগৃহীত

চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ ৭৮ দশমিক ০৬৭ বিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য জানান।

প্রশ্নোত্তর পর্বে রুমিন ফারহানা জানতে চান, বর্তমানে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ কত, এ ঋণ পরিশোধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত কী পরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে।

জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধ করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। প্রতি অর্থবছরে ঋণের আসল ও সুদ পরিশোধের সম্ভাব্য ব্যয়ের একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সে অনুযায়ী বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়।

তিনি আরও জানান, বাজেট বরাদ্দ ব্যবহার করে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সারাবছর বৈদেশিক ঋণ পরিশোধ কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

এর আগে বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। অধিবেশনের শুরুতে অর্থমন্ত্রী দেশের ব্যাংকিং খাতের সংস্কার এবং মূলধন ঘাটতি পূরণে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।