মঙ্গলবার । এপ্রিল ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২১ এপ্রিল ২০২৬, ৮:১৫ অপরাহ্ন
শেয়ার

সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


Election Commission

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিভিন্ন দল, জোট ও স্বতন্ত্রভাবে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিকেল ৪টা পর্যন্ত এসব আবেদন জমা পড়ে।

নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব মঈন উদ্দীন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, জমা পড়া ৫৩টি মনোনয়নপত্রের মধ্যে বিএনপি জোট থেকে ৩৬টি এবং জামায়াত জোট থেকে ১৩টি আবেদন পাওয়া গেছে। এছাড়া স্বতন্ত্র মোর্চা থেকে সুলতানা জেসমিন নামে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দলীয় জোটের বাইরে আরও তিনজন প্রার্থী ব্যক্তিগতভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন— শামমা আক্তার, মোছাম্মদ মেহরুন নেসা এবং মাহবুবা রহমান। ইসি জানায়, এই তিনজন কোনো নির্দিষ্ট দল বা জোটের অন্তর্ভুক্ত না হয়ে নিজেদের মতো করে আবেদন জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, দাখিলকৃত মনোনয়নপত্রগুলো আগামী ২২ ও ২৩ এপ্রিল বাছাই করা হবে। এর মধ্যে ২২ এপ্রিল দুপুর ২টা থেকে বিকেল ৪টা এবং ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাছাই প্রক্রিয়া চলবে।

বাছাইয়ে কারও মনোনয়নপত্র বাতিল হলে তার বিরুদ্ধে ২৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। কমিশন সেই আপিলগুলো ২৭ ও ২৮ এপ্রিল নিষ্পত্তি করবে।

রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান আরও জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।