বুধবার । এপ্রিল ১৫, ২০২৬
নিয়াজ মাহমুদ সাকিব বিজ্ঞান ও প্রযুক্তি ১৫ এপ্রিল ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন
শেয়ার

স্যামসাং এস-টুয়েন্টি সিক্স সিরিজ রিভিউ

নতুন স্মার্ট ফোন নিয়ে স্যামসাংয়ের সেইফ প্লে


Samsung s 26 Cover

তবে এই বাহ্যিক উৎকর্ষতার আড়ালে রয়েছে একটি অস্বস্তিকর বাস্তবতা: অর্থবহ অগ্রগতির অভাব

স্যামসাং ২০২৬ সালে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এস-টুয়েন্টি সিক্স ও স্যামসাং গ্যালাক্সি এস-টুয়েন্টি সিক্স+ উন্মোচনের মাধ্যমে কী নতুনত্ব আনলো, কেন এই ডিভাইসগুলো প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে, কোথায় তারা পিছিয়ে পড়ছে, এবং কীভাবে এই প্রবণতা পুরো স্মার্টফোন ইন্ডাস্ট্রির স্থবিরতার প্রতীক হয়ে উঠছে- এই প্রশ্ন এখন প্রযুক্তি বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয়।

সত্যটা অস্বস্তিকর; স্যামসাং আর ঝুঁকি নিচ্ছে না। প্রথম দেখায়- স্যামসাংয়ের সর্বশেষ এই ডিভাইস দুটো একটি প্রিমিয়াম স্মার্টফোন যেমন হওয়া চাই, ঠিক তেমনই। পরিপূর্ণভাবে প্রত্যাশা পূরণ করতে পারবে বলেই মনে হয়। নতুন প্রজন্মের চিপসেট সজ্জিত এ স্মার্টফোন দুটো দ্রুত ও দক্ষ পারফরম্যান্স প্রদান করে, ফলত- শান্তিতে মাল্টিটাস্কিং করতে পারবেন এবং খুবই আরামদায়ক একটা এক্সপেরিয়েন্স গেমিং নিশ্চিত করে এ ডিভাইস দুটি। ডিসপ্লে বলতে গেলে ইন্ডাস্ট্রির সেরা- উজ্জ্বল, তরল এবং দৃষ্টিনন্দন। মানের দিক থেকে নিঃসন্দেহে ফ্ল্যাগশিপ মানের ম্যানুফ্যাকচারিং- পরিশীলিত হার্ডওয়্যার তৈরিতে স্যামসাং এর যে সুনাম, সে সুনাম অক্ষুণ্ণ রাখতে পেরেছে বলেই টেক এক্সপার্টদের মত।

তবে এই বাহ্যিক উৎকর্ষতার আড়ালে রয়েছে একটি অস্বস্তিকর বাস্তবতা: অর্থবহ অগ্রগতির অভাব। তেমন উল্লেখযোগ্য কোনো আপগ্রেড নেই। ফিচার বলতে – ৬.৭” ইঞ্চি , ক্যামেরা- ৩ টি- ৫০ মেগাপিক্সেল- ১০ মেগাপিক্সেল এবং ১২ মেগাপিক্সেল, ১২ জিবি র্যাম, ৪৯০০ মেগাওয়াট ব্যাটারি ক্যাপাসিটি। অ্যাদ্রেনো ৮৪০ (১.৩ গিগা হার্টজ) , এক্সক্লিপ্স ৯৬০- আর ও ডব্লিউ; কোনো মেমোরি কার্ড স্লট নেই তবে রম ২৫৬ জিবি। ৮ কে ভিডিও করা সম্ভব। সেলফি ক্যামেরাতে – ৪ কে পর্যন্ত। ব্যাটারি- ১২০০ সাইকেল, লাউড স্পিকার- ২৬.২ LUFS. ডিস্প্লে- ১৪৯৮ নিট।

অল্প কথায় বলতে গেলে, ক্যামেরা
• টানা তৃতীয় প্রজন্মেও হার্ডওয়্যারে বড় কোনো পরিবর্তন নেই।
• সফটওয়্যার প্রসেসিংয়ের ক্ষেত্রেই যেটুকু যা ভালো পরিবর্তন এসেছে।
• প্রতিযোগীরা সেন্সর ও কম্পিউটেশনাল ফটোগ্রাফিতে এগিয়ে যাচ্ছে।
চার্জিং ও ডিসপ্লে
• বেইজ মডেলের চার্জিং স্পিড প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে।
• ডিসপ্লের মান ভালো হলেও কিছু সীমাবদ্ধতা এখনো রয়ে গেছে।
কৌশলগত অবস্থান
• স্যামসাং উচ্চমূল্যের ভ্যারিয়েন্টগুলোতে উন্নততর ফিচারগুলোকে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে।
• স্ট্যান্ডার্ড ও প্লাস মডেলকে রাখা হচ্ছে নিয়ন্ত্রিত আপগ্রেডেশনের মধ্যে।
• এর ফলে একটি স্তরভিত্তিক ইকোসিস্টেম তৈরি হয়েছে।
বাজারের প্রভাব
• উদ্ভাবনের বদলে হিসেবি পুনরাবৃত্তি শিল্পে গতি কমাচ্ছে।
• গ্রাহকরা পাচ্ছেন নির্ভরযোগ্য কিন্তু অনুমেয় ডিভাইস। কি আসতে যাচ্ছে, টেক জগতের প্রায় সবাই ই তা অনুমান করতে পারছিলো আগে থেকেই।
শক্তি
• পুরোনো ডিভাইস থেকে আপগ্রেড করতে যাচ্ছেন এমন কারো জন্যই এটা সুখবর যে কর্মক্ষমতা ও সফটওয়্যার সাপোর্টে বড় উন্নতি এনেছে স্যামসাং।
• দীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেট স্যামসাংয়ের বড় সুবিধাগুলোর মধ্যে অন্যতম।
দুর্বলতা
• সাম্প্রতিক ফ্ল্যাগশিপ ব্যবহারকারীদের জন্য আপগ্রেড খুব একটা আকর্ষণীয় হবে বলে মনে হয়নি।
• অভিজ্ঞতা চমৎকার হলেও অতিরিক্ত পরিচিত পরিচিত লাগতে পারে বর্তমান স্যামসাং ব্যবহারকারীদের কাছে।
গ্যালাক্সি S26 সিরিজ প্রযুক্তিগত বিপ্লব নয়, বরং বাজারের সতর্ক ও কৌশলগত অবস্থানের প্রতিফলন। উদ্ভাবন যদি প্রযুক্তির প্রাণ হয়, তবে স্যামসাং এর এই সেইফ প্লে দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ হতে পারে।

Samsung s 26 inner 1

তৃতীয় প্রজন্মের এ ফোনগুলোতেও ক্যামেরার হার্ডওয়্যারে তেমন কোনো পরিবর্তন হয়নি – ব্যাপারটা টেক এক্সপার্টদের কাছে খানিক অবাক করার মতোই ঘটনা। উন্নতি হয়েছে সফটওয়্যার প্রসেসিং এর জায়গাতে- ইতিবাচক পরিবর্তন। স্যামসাং এর প্রতিযোগীরা যখন কম্পিউটেশনাল ফটোগ্রাফি ও সেন্সর প্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে, তখন স্যামসাং এর মতো জায়ান্টদের থেকে এ ধরনের স্থবিরতা উপেক্ষা করা কঠিন।

চার্জিং স্পিড—বিশেষ করে বেইজ মডেলে—পুরোনো মনে হয়, যেখানে কিনা প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো দ্রুত চার্জিং সক্ষমতার নতুন ধারা তৈরি করেছে। এমনকি ডিসপ্লে, সামগ্রিক মান ভালো হলেও, কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতা এখনো রয়ে গেছে যা স্যামসাং সমাধান করেনি।

এটি প্রকৌশলের ব্যর্থতা নয়, বরং কৌশলের বিষয়।

স্যামসাং যেন ইচ্ছাকৃতভাবে তার ফ্ল্যাগশিপ লাইন আপকে ভাগ করেছে—সবচেয়ে উন্নত ফিচারগুলো রাখা হচ্ছে উচ্চমূল্যের ভ্যারিয়েন্টে, আর স্ট্যান্ডার্ড ও প্লাস মডেলকে রাখা হচ্ছে নিয়ন্ত্রিত অগ্রগতির মধ্যে। ব্যাপারটা কারো কারো কাছে বৈষম্যমূলক মনে হলেও বাস্তবতা মেনে তো নিতেই হয়। এর ফলে একটি শ্রেণিভিত্তিক ইকোসিস্টেম তৈরি হয়েছে, যেখানে উদ্ভাবন গুরুত্বপূর্ণ না হয়ে বরং ব্যবসায় টিকে থাকার ব্যাপারটাই সামনে চলে আসে বারবার।

ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এটি যুক্তিসঙ্গত হতে পারে। এটি গ্রাহকদেরকে বেশি দামী মডেলের দিকে আকৃষ্ট করবে এবং পরিপক্ব বাজারে বাড়তি লাভের টাকা পাবার হিসেবটাতে টিকিয়ে রাখবে স্যামসাংকে। তবে এটি মোবাইল শিল্পে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়- সাহসী – ঝুঁকিপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা থেকে হিসেবি পুনরাবৃত্তির দিকে যেন ফিরে যাচ্ছে জায়ান্ট কোম্পানিগুলো।

যখন বাজারের শীর্ষ প্রতিষ্ঠানগুলো রূপান্তরমূলক পরিবর্তনের বদলে ধাপে ধাপে আপগ্রেডেশনকে অগ্রাধিকার দেবে, তখন উদ্ভাবনের গতি অনিবার্যভাবেই কমে আসবে, এটাই স্বাভাবিক। ফলে গ্রাহকরা পাচ্ছে নির্ভরযোগ্য কিন্তু অনুমেয়, পরিশীলিত কিন্তু অনুপ্রেরণাহীন ডিভাইস।

তবে স্পষ্ট করে বলা দরকার, গ্যালাক্সি S26 সিরিজের গুণাগুণ আছে। পুরোনো ডিভাইস থেকে আপগ্রেড করা ব্যবহারকারীদের জন্য এটি কর্মক্ষমতা, সফটওয়্যার স্থায়িত্ব এবং সামগ্রিক অভিজ্ঞতায় বড় উন্নতি এনেছে। দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্টে স্যামসাংয়ের প্রতিশ্রুতি এখনো একটি বড় সুবিধা। কিন্তু যারা ইতিমধ্যেই সাম্প্রতিক ফ্ল্যাগশিপ ব্যবহার করছেন, তাদের জন্য আপগ্রেডের প্রস্তাব তেমন আকর্ষণীয় নয়। অভিজ্ঞতা চমৎকার হলেও, তা খুবই পরিচিত—প্রায় অতিরিক্ত পরিচিত।

যদি উদ্ভাবন প্রযুক্তির প্রাণরস হয়, তবে নিরাপদ খেলা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ কৌশল হয়ে উঠতে পারে।

S26 সিরিজে কোনো বড় পরিবর্তন নেই- একই ডিজাইন , একই ক্যামেরা হার্ডওয়্যার, একই সীমাবদ্ধতা। শুধু একটি নতুন চিপসেট দিয়ে পুরো অভিজ্ঞতাকে “নতুন” বলে চালানোর চেষ্টা করা হয়েছে।

Samsung s 26 inner 2

এটা শুধু স্যামসাংয়ের  সমস্যা নয়- যেন পুরো ইন্ডাস্ট্রিরই বর্তমান অবস্থার একটা চিত্র। যেখানে চীনা ব্র্যান্ডগুলো ক্যামেরা, ব্যাটারি, এবং চার্জিংয়ে আক্রমণাত্মক উন্নতি আনছে, সেখানে Samsung খেলছে নিরাপদে। ফলাফল? একটি ফোন যা “খারাপ” নয়, কিন্তু তেমন দারুণ কিছু এসেছে, খুব চিত্তাকর্ষক কিছু বাজারে এসেছে এমন কিছু বলবার ও সুযোগ নেই।

সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে- সীমাবদ্ধতা যা কিছু আছে তা কি স্যামসাং এর ইচ্ছাকৃত?
কেন বেইজ ও Plus মডেলে নতুন ফিচার আসছে না?
কেন ক্যামেরা আপগ্রেড আটকে আছে?
কেন চার্জিং স্পিড এখনও পুরোনো?

উত্তরটা পরিষ্কার। আল্ট্রা মডেলকে আলাদা করে তুলে ধরার জন্য। অর্থাৎ, Samsung এখন আর শুধু ফোন বানাচ্ছে না- তারা একটি স্তরভিত্তিক অভিজ্ঞতা বিক্রি করছে।
আপনি যদি পুরোনো ফোন থেকে আপগ্রেড করে নতুন কিছু নিতে চান, সেক্ষেত্রে S26 সিরিজ আপনাকে সন্তুষ্ট করবে নিশ্চিত। কিন্তু আপনি যদি সাম্প্রতিক ফ্ল্যাগশিপ ফোনগুলো নিজের জন্য নিয়ে থাকেন ইতোমধ্যেই , তাহলে এটি মূলত একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি।

স্যামসাং গ্যালাক্সি এস-টুয়েন্টি সিক্স সিরিজই প্রমাণ করে- ফ্ল্যাগশিপ ফোন এখন আর প্রযুক্তিগত বিপ্লব নয়, বরং ব্যবসায়িক কৌশলের প্রতিফলন।