
রৌপ্য ও ব্রোঞ্জ জয়ী মেয়েরা | ছবি: সংগৃহীত
ফ্রান্সের বোর্দো শহরে অনুষ্ঠিত ১৫তম ইউরোপীয় গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড (ইজিএমও)-এ অসামান্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের তরুণী গণিতবিদরা একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক অর্জনের মাধ্যমে নিজেদের মেধার স্বাক্ষর রেখেছেন।
বাংলাদেশ দলের সদস্য মনামী জামান ১৮ নম্বর পেয়ে রৌপ্য পদক জিতেছেন এবং সাজি সেহনাই ১৬ নম্বর অর্জন করে ব্রোঞ্জ পদক লাভ করেছেন। দলের অপর দুই সদস্য কৃতিকা চক্রবর্তী ও নাহিয়ান পারিন ইফা পদক না পেলেও অত্যন্ত সম্ভাবনাময় পারফরম্যান্স উপহার দিয়েছেন। সব মিলিয়ে দলের মোট স্কোর ৪৫, যার ভিত্তিতে বাংলাদেশ দল সামগ্রিকভাবে ৩৪তম স্থান অধিকার করেছে।
উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের জন্য আয়োজিত এই অলিম্পিয়াড বর্তমানে বিশ্বব্যাপী মেয়েদের সবচেয়ে বড় আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা হিসেবে স্বীকৃত। ২০১২ সালে মাত্র ১৯টি দেশের অংশগ্রহণে যাত্রা শুরু হলেও এবারের আসরে প্রায় ৬০টি দেশের ২৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) থেকে অনুপ্রাণিত হয়ে চালু হওয়া এই প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য হলো বিজ্ঞান ও গণিতের মতো বিষয়ে মেয়েদের অংশগ্রহণ এবং মেধা তুলে ধরার বিশ্বজনীন প্ল্যাটফর্ম তৈরি করা। বৈশ্বিক প্রেক্ষাপটে গণিতে মেয়েদের অংশগ্রহণ যেখানে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ, সেখানে বাংলাদেশের এই অর্জন দেশের নারী শিক্ষার্থীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের এই জয় দেশের গণিতচর্চা এবং নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার পথে এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।










































