বৃহস্পতিবার । এপ্রিল ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ এপ্রিল ২০২৬, ৭:২০ অপরাহ্ন
শেয়ার

ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া বাড়ল, আজ থেকেই কার্যকর


Bus-fare

সংগৃহীত ছবি

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন ভাড়ার হার আজ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৪(২) অনুযায়ী এই ভাড়া সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২.৪২ টাকা থেকে বাড়িয়ে ২.৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসে ভাড়া প্রতি কিলোমিটারে ২.১২ টাকা থেকে বাড়িয়ে ২.২৩ টাকা করা হয়েছে। এছাড়া ডিটিসিএ আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ রুটে ভাড়া ২.৩২ টাকা থেকে বাড়িয়ে ২.৪৩ টাকা করা হয়েছে।

তবে ঢাকা মহানগরীতে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং চট্টগ্রামে ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। সরকার জানিয়েছে, এই নতুন হার গ্যাসচালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। একই সঙ্গে প্রতিটি বাসে দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।