
সংগৃহীত ছবি
সংসদ সদস্যদের দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস) (সংশোধন) আদেশ ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিসভার অনুমোদনের পর বিষয়টি এখন সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে। সেখানে পাস হলে গেজেট প্রকাশের মাধ্যমে এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা আনুষ্ঠানিকভাবে বাতিল হবে।
সরকারি ব্যাখ্যায় বলা হয়েছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং রাষ্ট্রীয় ব্যয় কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে সুযোগ-সুবিধা পুনর্বিন্যাসের অংশ হিসেবেও এটিকে দেখা হচ্ছে।

বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা ওয়াসার আওতায় আনার সিদ্ধান্ত রয়েছে। পাশাপাশি প্রকল্পের কিছু অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এছাড়া জাতীয় চা দিবসের তারিখ পরিবর্তন করে আন্তর্জাতিক দিবসের সঙ্গে মিল রেখে ২১ মে নির্ধারণ করা হয়েছে। আগে দেশে দিবসটি ৪ জুন পালিত হতো।
মন্ত্রিসভা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত বিধিনিষেধও বাতিল করেছে। সরকারের মতে, এতে সংশ্লিষ্ট খাতে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগের সুযোগ বাড়বে।
সার্বিকভাবে এসব সিদ্ধান্তকে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নীতিগত সংস্কারের অংশ হিসেবে দেখা হচ্ছে।






































