শুক্রবার । এপ্রিল ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শেয়ার

জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের কমিটিতে আছেন যারা


PM parliament

ফাইল ছবি

দেশের চলমান জ্বালানি সংকটের টেকসই ও যৌক্তিক সমাধান খুঁজতে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের যৌথ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এই কমিটির প্রস্তাব দেন এবং উভয় পক্ষের সম্মতিতে কমিটি চূড়ান্ত করা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে গঠিত এই কমিটিতে সরকারি ও বিরোধী দল থেকে ৫ জন করে সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী জানান, এই কমিটি জাতীয় স্বার্থে আলোচনা করে সংকট উত্তরণে বাস্তবসম্মত সুপারিশ প্রদান করবে।

কমিটিতে সরকারি দলের ৫ সদস্য:
১. ইকবাল হাসান মাহমুদ টুকু (মন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ) — কমিটির সভাপতি।
২. অনিন্দ্য ইসলাম অমিত (প্রতিমন্ত্রী)।
৩. এবিএম আশরাফ উদ্দিন নিজান (সংসদ সদস্য)।
৪. মইনুল ইসলাম খান শান্ত (সংসদ সদস্য)।
৫. মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (সংসদ সদস্য)।

কমিটিতে বিরোধী দলের ৫ সদস্য:
৬. মো. সাইফুল আলম (সংসদ সদস্য, জামায়াতে ইসলামী)।
৭. মো. আব্দুল বাতেন (সংসদ সদস্য, জামায়াতে ইসলামী)।
৮. মো. নূরুল ইসলাম (সংসদ সদস্য, জামায়াতে ইসলামী)।
৯. হাসনাত আবদুল্লাহ (সংসদ সদস্য, জাতীয় নাগরিক পার্টি)।
১০. মোহাম্মদ আবুল হাসান (সংসদ সদস্য, খেলাফত মজলিস)।

সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা। জনগণের স্বার্থে সরকার যে কারও সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। এই কমিটির মাধ্যমে আসা সুপারিশগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং বাস্তবসম্মত হলে তা দ্রুত কার্যকর করা হবে।”

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কমিটির জন্য তাদের মনোনীত সদস্যদের নাম ঘোষণা করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঞ্চালনায় এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর আশা করা হচ্ছে, দ্রুতই কমিটি তাদের প্রথম সভায় বসবে এবং বর্তমান জ্বালানি পরিস্থিতি নিরসনে কার্যকর রোডম্যাপ তৈরি করবে।

বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প