
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যে ৭৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৮ এপ্রিল) রাতে চেমোরের কানথান শিল্প এলাকায় অবস্থিত দুটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মালয়েশিয়ার গণমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টা থেকে এই অভিযান শুরু হয়। এতে ইমিগ্রেশন পুলিশের পাশাপাশি শ্রম বিভাগ (জেটিকে), পুলিশ (পিডিআরএম), জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ) এবং জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন) অংশ নেয়।
পেরাক ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক জেমস লি জানান, কানথান শিল্প এলাকার প্রথম কারখানা থেকে ৫৬ জন এবং দ্বিতীয় কারখানা থেকে বাকি শ্রমিকদের আটক করা হয়। আটককৃতরা সবাই কর্মঘণ্টার শিফট পরিবর্তনের সময় ইমিগ্রেশন পুলিশের জালে ধরা পড়েন।


প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ইমিগ্রেশন বিভাগ জানায়, আটকরা মালয়েশিয়ায় প্রবেশের জন্য ব্যবহৃত ভিজিট পাসের অপব্যবহার করেছেন এবং অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এছাড়া সন্দেহ করা হচ্ছে, কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অন্য খাতের জন্য নিবন্ধিত বিদেশি শ্রমিকদের অবৈধভাবে এখানে নিয়োগ দিয়েছে।
জেমস লি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯বি ধারা (পাস বা পারমিটের অপব্যবহার) অনুযায়ী তদন্ত করা হবে। পাশাপাশি শ্রম বিভাগও নিজস্ব আইনের আওতায় নিয়োগকর্তাদের সংশ্লিষ্ট অপরাধ খতিয়ে দেখবে।
উল্লেখ্য, গত এক বছরের মধ্যে এই দুটি কারখানায় দ্বিতীয়বারের মতো অভিযান চালানো হলো। ইমিগ্রেশন বিভাগ কঠোর হুশিয়ারি দিয়ে জানিয়েছে, শুধু অবৈধ শ্রমিকই নয়, আইন লঙ্ঘনকারী নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।













































