
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর-১১ নম্বরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করেছে। আজ সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
তিনি জানান, কালশী বাউনিয়াবাদ বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এর মধ্যে দুটি ইউনিট ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে দিয়েছে। বাকি ইউনিটগুলোও দ্রুত সেখানে পৌঁছাচ্ছে।
আনোয়ারুল ইসলাম দোলন আরও বলেন, “বস্তিতে আগুন লাগার প্রাথমিক কারণ এবং ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।”
ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সহায়তা করছেন। বস্তি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে।










































