
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার পেরাক রাজ্যের লুমুত এলাকায় একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৭৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে স্থানীয় পুলিশ। গত শনিবার (১৮ এপ্রিল) বন্দর বারু সেগারি অঞ্চলে পরিচালিত এই বিশেষ অভিযানে একই সঙ্গে দুই মানবপাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।
মানজুং জেলা পুলিশের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসবুল্লাহ বিন আব্দুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সদরদপ্তর এবং সামুদ্রিক পুলিশের গোয়েন্দা ইউনিট যৌথভাবে দুটি পৃথক বাড়িতে হানা দেয়। অভিযানে আটককৃতদের মধ্যে ৪৭ জন পুরুষ, ২৫ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, আটককৃতরা মূলত বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার নাগরিক।
অভিযান চলাকালীন মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইন্দোনেশিয়ার দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা ওই আস্তানার দেখাশোনা ও অবৈধভাবে আসা ব্যক্তিদের পরিবহনের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

আটক অভিবাসীদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মানজুং জেলা পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত দুই পাচারকারীর বিরুদ্ধে ২০০৭ সালের মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের কোনো সন্দেহজনক কার্যক্রম নজরে এলে দ্রুত পুলিশ কন্ট্রোল রুম অথবা নির্ধারিত হটলাইন নম্বরে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।








































