রবিবার । এপ্রিল ১৯, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ১৯ এপ্রিল ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
শেয়ার

কুয়েতে ১৫ দিন জেল খেটে দেশে ফিরে বিমানবন্দরেই প্রবাসীর মৃত্যু


sagor

নিহত নুর ইসলাম সাগর

ভাগ্য পরিবর্তনের আশায় কুয়েতে পাড়ি দিয়েছিলেন ফেনীর পরশুরাম উপজেলার যুবক নুর ইসলাম সাগর (৩৮)। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। বিদেশের মাটিতে অবৈধ জীবন, জেল খাটা, আর দেশে ফেরার পর বিমানবন্দরেই মৃত্যু—সব মিলিয়ে এক করুণ পরিণতি বরণ করতে হলো তাকে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে কুয়েত থেকে ফেরত আসা এই প্রবাসীর মরদেহ অ্যাম্বুলেন্সে করে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর গ্রামের নিজ বাড়িতে আনা হলে পরিবার ও স্বজনদের আহাজারিতে পুরো এলাকা শোকস্তব্ধ হয়ে পড়ে। কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ-বাতাস।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের আগস্ট মাসে উন্নত জীবনের আশায় কুয়েতে যান সাগর। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেখানে গিয়ে অবৈধ হয়ে পড়েন। দীর্ঘদিন অনিশ্চয়তা আর আতঙ্কের মধ্যে দিন কাটানোর পর গত ২ এপ্রিল কুয়েত পুলিশের হাতে আটক হন তিনি। পরে ১৫ দিন কারাভোগ করেন।

জেল থেকে মুক্তির পর তাকে দেশে ফেরত পাঠানো হয়। কিন্তু বিমানবন্দরে নামার কিছুক্ষণ পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাগরের ভাই ইকবাল হোসেন জানান, বিদেশ যাওয়ার পর থেকেই নানা দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। অবৈধ অবস্থান, গ্রেপ্তার এবং দেশে ফেরত আসার ঘটনাগুলো তাকে মানসিকভাবে ভেঙে দেয়। সব মিলিয়ে চরম হতাশা আর চাপের মধ্যে ছিলেন সাগর।

নিহত সাগর দক্ষিণ শালধর গ্রামের ডা. মো. শাহজাহানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে এখন দিশেহারা স্বজনরা।

পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জানান, মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশের সহায়তায় মরদেহ তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। পরে পরিবারের আনুষ্ঠানিকতা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

স্বপ্নভঙ্গের এই মর্মান্তিক ঘটনা আবারও মনে করিয়ে দিল—অবৈধ পথে বিদেশযাত্রা শুধু অনিশ্চয়তা নয়, কখনো কখনো জীবনও কেড়ে নিতে পারে।