রবিবার । এপ্রিল ১৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৯ এপ্রিল ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ন
শেয়ার

২০০ কোটি রুপির অর্থ পাচার মামলায় রাজসাক্ষী হতে চান জ্যাকুলিন


Jacqueline-Fernandez

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও প্রতারক সুকেশ চন্দ্রশেখরকে ঘিরে আলোচিত ২০০ কোটি রুপির মানি লন্ডারিং মামলায় নতুন মোড় এসেছে। মামলায় এবার নিজেই রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জ্যাকুলিন।

পাতিয়ালা হাউস কোর্টে শুনানির সময় অভিনেত্রী জানান, তিনি তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত এবং রাজসাক্ষী হতে চান।

আদালত জানিয়েছে, এ বিষয়ে তাঁকে সরাসরি ইডির কাছে আনুষ্ঠানিক আবেদন করতে হবে। তদন্তে তাঁর সহযোগিতা ও বক্তব্য বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে তাঁকে অ্যাপ্রুভার করা হবে কি না। একই সঙ্গে ইডিকে নোটিশ জারি করেছে আদালত। মামলার পরবর্তী শুনানি ২০ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

এদিকে জ্যাকুলিনকে ২৪ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত বিদেশ ভ্রমণের অনুমতিও দেওয়া হয়েছে। তবে এ সময় তাঁকে আদালতের শর্ত মানতে হবে এবং তদন্তে সহযোগিতা অব্যাহত রাখতে হবে।

মামলার প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে অভিযোগ, তিনি জেলে বসেই প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছিলেন। তদন্তে উঠে আসে, ওই অর্থ দিয়ে জ্যাকুলিনকে বিলাসবহুল ঘড়ি, দামি ব্যাগ, গয়না ও নানা উপহার দেওয়া হয়েছিল।

তবে জ্যাকুলিনের দাবি, সুকেশের প্রকৃত পরিচয় বা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছুই জানতেন না। সুকেশ নিজেকে বড় ব্যবসায়ী পরিচয় দিয়ে তাঁকে বিভ্রান্ত করেছিলেন বলে আদালতে জানিয়েছেন এই অভিনেত্রী।