
ফাইল ছবি
জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে সপ্তাহে দুই দিন হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম ভার্চুয়াল মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার এই ভার্চুয়াল আদালত পরিচালিত হবে।
আজ রবিবার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং সুপ্রিম কোর্ট কর্তৃক জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের বিচারিক কাজ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে (ভার্চুয়ালি) পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ভার্চুয়াল আদালত পরিচালনার সুবিধার্থে সংশ্লিষ্ট সবাইকে হাইকোর্ট বিভাগের আইটি শাখায় সশরীরে উপস্থিত হয়ে আগামীকাল সোমবারের (২০ এপ্রিল) মধ্যে প্রয়োজনীয় জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, করোনা মহামারিকালীন সময়ে দেশে প্রথম ভার্চুয়াল আদালতের যাত্রা শুরু হলেও এবার মূলত অর্থনৈতিক সাশ্রয় ও জ্বালানি সংকট মোকাবিলায় এই প্রযুক্তিগত পদক্ষেপ নিলো সর্বোচ্চ আদালত।













































