
ছবি: সংগৃহীত
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ৩ হাজার ৪৬৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংস্থা ‘ফাউন্ডেশন অব মার্টিয়ার্স অ্যান্ড ভেটেরান্স অ্যাফেয়ার্স’। খবর আলজাজিরার।
ইরানের বার্তা সংস্থা আইএসএনএ সংস্থাটির প্রধান আহমাদ মুসাভির বরাতে এই হতাহতের তথ্য জানিয়েছে।
তিনি জানান, মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের এই সংখ্যা ক্রমেই বাড়ছে। এর আগে গত ১২ এপ্রিল ইরানের লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের এক প্রতিবেদনে যুদ্ধ শুরুর পর থেকে নিহতের সংখ্যা ৩ হাজার ৩৭৫ জন বলে জানানো হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে সেই সংখ্যা আরও বৃদ্ধি পেল।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে বড় ধরনের যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আক্রমণ শুরু করে ইরান। দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তি চলছে।
যুদ্ধবিরতি চললেও এই অঞ্চলে উত্তেজনা এখনো প্রশমিত হয়নি। যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের বিভিন্ন নৌ-বন্দরে কঠোর অবরোধ দিয়ে রেখেছে। অন্যদিকে, জ্বালানি পরিবহনের বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালী’ নিয়ে ইরানও তাদের কঠোর অবস্থান বজায় রেখেছে।
বিশ্লেষকরা মনে করছেন, দুই সপ্তাহের এই সাময়িক বিরতি শেষ হওয়ার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়।







































