
ফাইল ছবি
দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সীমান্ত নিরাপত্তা, অগ্নিনির্বাপণ ও কারা ব্যবস্থাপনার জরুরি কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে বাংলাদেশ পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, কারা অধিদপ্তরসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর যানবাহন দেশের যেকোনো পেট্রল পাম্প থেকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ স্বাক্ষরিত ১৫ এপ্রিলের এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়। শনিবার (১৮ এপ্রিল) মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, কারাগারের বন্দি স্থানান্তর, অসুস্থ বন্দিকে হাসপাতালে নেওয়া এবং বিভিন্ন দাপ্তরিক কাজে যানবাহন দিনরাত ব্যবহার করতে হয়। একইভাবে আইন-শৃঙ্খলা রক্ষা, সীমান্ত টহল ও বিশেষ অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট বাহিনীর যানবাহন সার্বক্ষণিক সচল রাখা জরুরি।

এ অবস্থায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কারা অধিদপ্তরের যানবাহনে দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দেশের সব পেট্রল পাম্পকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।








































