
সংগৃহীত ছবি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, তিনি কোনো নির্দিষ্ট পক্ষের প্রতিনিধি হিসেবে নয়, বরং সব সদস্য রাষ্ট্রের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। ব্যক্তিগত মতামতকে কখনোই পিজিএ হিসেবে তাঁর দায়িত্ব পালনে প্রভাব ফেলতে দেবেন না বলেও তিনি জানান।
মঙ্গলবার জাতিসংঘ সদরদপ্তরে দেওয়া প্রতিক্রিয়ায় খলিলুর রহমান বলেন, দায়িত্ব পালনের সময় সব সদস্য রাষ্ট্রকে সমান গুরুত্ব দিয়ে সম্পৃক্ত করা হবে। নির্বাচনে তিনি ১৯০ ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেজ কাকাউরিসকে ৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
নবনির্বাচিত সভাপতি জাতিসংঘের প্রতি বৈশ্বিক আস্থা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, যুদ্ধ, সংঘাত, অর্থনৈতিক সংকট ও বহুপাক্ষিকতার চ্যালেঞ্জের মুখে সংস্থাটিকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি ছোট প্রতিনিধিদলসমৃদ্ধ দেশগুলোর সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানান।
আগামী এক বছরের দায়িত্বকালে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন, জলবায়ু সহনশীলতা, মানবাধিকার ও মানবিক সহায়তা, ডিজিটাল গভর্ন্যান্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার সুশাসন এবং জাতিসংঘ সংস্কারসহ অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শাসনব্যবস্থা গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন খলিলুর রহমান।











































