
ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হারুন ও রাসেল নামে দুই প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত রবিবার (৩১ মে) রাতে মরুভূমির রাস্তায় একটি উটের সঙ্গে তাদের বহনকারী মোটরসাইকেলের প্রচণ্ড ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। নিহত হারুন ও রাসেল লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা। তারা একে অপরের প্রতিবেশী এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে এবং পরিবারের মুখে হাসি ফোটাতে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন হারুন ও রাসেল। গত রবিবার রাতে রিয়াদের একটি সড়ক দিয়ে তারা মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় আকস্মিকভাবে একটি উটের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে হারুন ও রাসেল দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে দুই ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশীর এমন আকস্মিক ও করুণ মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় এক সুগভীর শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে উত্তর হামছাদী এলাকার বাতাস। নিহতদের পরিবার ও এলাকাবাসী প্রিয়জনদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
নিহত হারুনের বাবা তছলিম উদ্দীন ছৈয়াল কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে বিদেশে গিয়ে আমাদের স্বপ্ন পূরণের চেষ্টা করছিল। আজ সে লাশ হয়ে ফিরবে এটা আমরা কখনো কল্পনাও করিনি। সরকারের কাছে অনুরোধ, দ্রুত যেন আমার ছেলের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়।”
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, “প্রবাসে দুই যুবকের এমন অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। নিহতদের পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে আনা ও আর্থিক সহায়তার জন্য আবেদন করা হলে উপজেলা প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
তিনি আরও জানান, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করার পাশাপাশি সরকারি নীতিমালা অনুযায়ী ভুক্তভোগী পরিবার দুটির জন্য সম্ভাব্য সকল সরকারি সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
















































