
সংগৃহীত ছবি
হরমুজ প্রণালিতে উত্তেজনা আরও বেড়েছে। চলমান সংকটের মধ্যে একটি বাণিজ্যিক তেলবাহী জাহাজকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির বিরুদ্ধে।
যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এর বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
জাহাজটির ক্যাপ্টেন দাবি করেন, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই আইআরজিসির দুটি গানবোট হঠাৎ গুলি ছুড়তে শুরু করে। ঘটনাকালে জাহাজটি ওমানের উত্তর-পূর্ব উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।

তবে এ ঘটনায় জাহাজ বা নাবিকদের কেউ ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে ইউকেএমটিও। সংস্থাটি আরও জানায়, ওই অঞ্চলে চলাচলকারী কয়েকটি বাণিজ্যিক জাহাজ ইরান নৌবাহিনীর পক্ষ থেকে রেডিও বার্তা পেয়েছে, যেখানে হরমুজ প্রণালি পুনরায় বন্ধ ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
বার্তায় বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটে নতুন উত্তেজনা দেখা দেওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও তেলবাজারে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।






































