
১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) সম্মেলনে তিনি এই বড় ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন যে, এই বিশাল নিয়োগের ৮০ শতাংশই নারী স্বাস্থ্যকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে।
সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, শহর এবং গ্রামের স্বাস্থ্যসেবায় বিদ্যমান বৈষম্য দূর করতে সরকার কাজ করে যাচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর মানোন্নয়ন সরকারের অগ্রাধিকার।

স্বাস্থ্যখাত নিয়ে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ দেওয়া হবে। এছাড়া দেশের প্রতিটি হাসপাতালকে জবাবদিহিতার আওতায় আনা এবং সুচিকিৎসার লক্ষ্যে সমন্বিত ‘ই-হেলথ কার্ড’ ও জাতীয় স্বাস্থ্যবীমা চালু করার প্রতিশ্রুতিও দেন তিনি।
হামের টিকা নিয়ে বিগত সরকারগুলোর ব্যর্থতাকে ‘জীবনবিনাশী অপরাধ’ হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি দ্রুত সমাধান করা হবে। চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, সুচিকিৎসা নিশ্চিতে সরকারকে পূর্ণ সহযোগিতা করতে হবে।
এছাড়া বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে তিনি জানান, জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক বাজার থেকে দুই বিলিয়নের বেশি অর্থ খরচ করে সরকার তেল ক্রয় করে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রেখেছে।










































