শনিবার । এপ্রিল ১৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শেয়ার

অস্ট্রেলিয়ায় যুদ্ধজাহাজ সরবরাহে ৭ বিলিয়ন ডলারের চুক্তি করল জাপান


japan

যুদ্ধজাহাজ সরবরাহ চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও জাপান

আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতায় এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলারের যুদ্ধজাহাজ সরবরাহ চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও জাপান। আজ শনিবার (১৮ এপ্রিল) এক বিশেষ অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি এই চুক্তিতে সই করেন।

২০১৪ সালে সামরিক রপ্তানি নিষেধাজ্ঞা শিথিলের পর এটিই জাপানের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা রপ্তানি চুক্তি।

এই চুক্তির আওতায় জাপানের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ অস্ট্রেলিয়ার নৌবাহিনীকে তিনটি অত্যাধুনিক ‘মোগামি-শ্রেণির’ বহুমুখী ফ্রিগেট সরবরাহ করবে। ২০২৯ সাল থেকে এই জাহাজগুলো সরবরাহ শুরু হবে।

চুক্তির একটি বড় অংশ হিসেবে পরবর্তীতে আরও আটটি ফ্রিগেট পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের হেন্ডারসন শিপইয়ার্ডে স্থানীয়ভাবে নির্মাণ করা হবে। এই বিশাল প্রকল্পের মাধ্যমে অস্ট্রেলিয়ার নিজস্ব প্রতিরক্ষা শিল্প যেমন শক্তিশালী হবে, তেমনি এটি জাপানের শান্তিবাদী নীতি থেকে সরে এসে বৈশ্বিক নিরাপত্তা জোটে সক্রিয় হওয়ার বড় ইঙ্গিত দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি মোকাবিলায় এই জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক এই ফ্রিগেটগুলো সাবমেরিন শনাক্তকরণ, আকাশ প্রতিরক্ষা এবং সরাসরি হামলাসহ সব ধরনের সামরিক অভিযানে সক্ষম।

বিশেষ করে ভারত ও প্রশান্ত মহাসাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ এবং অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল রক্ষায় এই জাহাজগুলো বিশেষ ভূমিকা পালন করবে।

অস্ট্রেলিয়া ও জাপানের এই কৌশলগত অংশীদারিত্ব এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ-রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল। বিশেষ করে জাপানের মতো একটি দেশের সামরিক হার্ডওয়্যার রপ্তানিতে ফিরে আসা বিশ্বব্যাপী প্রতিরক্ষা বাজারের সমীকরণ বদলে দিতে পারে।