
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় ব্যবসায়িক বিরোধের জেরে নজরুল ইসলাম নামের এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও তাঁর বান্ধবী কোহিনুর বেগমকে নৃশংসভাবে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত ১৪ এপ্রিল রাতের এই হত্যাকাণ্ডের খবর দেশে পৌঁছালে নিহতের গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামে শোকের ছায়া নেমে আসে। নিহত নজরুল ওই গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, ২০১৮ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন নজরুল। সেখানে নিজের পরিশ্রমে গরু ও হাঁস-মুরগির একটি বড় খামার গড়ে তোলেন তিনি। নজরুলের এই ব্যবসায়িক সাফল্যই শেষ পর্যন্ত তাঁর জন্য কাল হয়ে দাঁড়ায়।

পরিবারের অভিযোগ, স্থানীয় এক ব্যবসায়িক অংশীদারের সঙ্গে নজরুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে নজরুল ও তাঁর বান্ধবীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
নিহতের বড় ভাই জহিরুল ইসলাম জানান, জীবনের ঝুঁকি থাকায় নজরুল সব পশু বিক্রি করে দিয়ে একেবারে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। খুব শিগগিরই তাঁর দেশে ফেরার কথা ছিল। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। স্বজনেরা এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করার পাশাপাশি ভাইকে শেষবারের মতো দেখার জন্য নজরুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আকুতি জানিয়েছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানিয়েছেন, পুলিশের কাছে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য আসেনি। তবে ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়, মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস ও জেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।









































