
ভারতের অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর অঞ্চলে অনুমোদনহীনভাবে নির্মিত ১৫টি মসজিদ সিলগালা করেছে বিজেপি পরিচালিত রাজ্য সরকার। স্থানীয় আদিবাসী যুব সংগঠন এপিআইওয়াইওর দীর্ঘদিনের আন্দোলন ও অভিযোগের পর প্রশাসন এ পদক্ষেপ নেয়। সংগঠনটির দাবি ছিল, অবৈধ বসতি ও অনুপ্রবেশের কারণে রাজ্যের জনসংখ্যাগত ভারসাম্য ও আদিবাসীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
রাজ্য সরকারের মুখপাত্র ও শিক্ষামন্ত্রী পিডি সোনা জানান, চলতি বছরের শুরুতে মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর সঙ্গে আদিবাসী নেতাদের বৈঠকের পর রাজধানী এলাকায় অনুমতি ছাড়া নির্মিত ধর্মীয় স্থাপনা চিহ্নিত করতে জরিপ পরিচালনা করা হয়। সেই জরিপে ১৫টি অননুমোদিত মসজিদের সন্ধান পাওয়া যায়। পরে আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রথমে ১২টি এবং পরবর্তীতে বাকি তিনটি মসজিদ সিলগালা করা হয়।
সরকারের দাবি, আন্দোলনকারীদের উত্থাপিত বিষয়গুলো প্রশাসনিক ও আইনি উপায়ে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অবৈধ স্থাপনা নির্মাণ ও অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হবে।
এ ঘটনাকে কেন্দ্র করে অরুণাচল প্রদেশে অনুপ্রবেশ, জনসংখ্যাগত পরিবর্তন এবং স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষার প্রশ্নে নতুন বিতর্ক তৈরি হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, আদিবাসীদের স্বার্থ ও সাংস্কৃতিক পরিচয় সুরক্ষায় ইনার লাইন পারমিট (আইএলপি) ব্যবস্থা আরও কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুও সীমান্ত নিরাপত্তা ও স্থানীয় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
সূত্র: এনডিটিভি












































