শুক্রবার । জুন ৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৫ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩


b-baria-accident

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় একটি মাছভর্তি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক এবং মা ও ছেলেসহ তিন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৫ জুন) সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জোসনা বেগম (৪০), তার পাঁচ বছর বয়সী শিশুপুত্র আশরাফুল এবং অটোরিকশাচালক মাহবুব (৪৫)। এই ঘটনায় জোসনা বেগমের স্বামী কাউসার (৫০) ও চার বছরের শিশুকন্যা আদিবা গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কসবা থেকে অটোরিকশায় করে স্ত্রী ও সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন কাউসার। পথিমধ্যে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী মাছভর্তি পিকআপ ভ্যান তাদের অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই পিকআপের চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি; তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।