
ফাইল ছবি
বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে নতুন করে চোটের ধাক্কা পেয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। কাফ মাসলের সমস্যার কারণে শনিবার মিসরের বিপক্ষে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, চোটের কারণে নেইমার দলের সঙ্গে ক্লিভল্যান্ড সফরে যাচ্ছেন না। বরং তিনি নিউ জার্সিতে দলের ট্রেনিং ক্যাম্পে থেকে চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন।
৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড পুরো মৌসুমজুড়েই চোটের সঙ্গে লড়াই করেছেন। তা সত্ত্বেও ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপ দলে রাখায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। তবে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে তার অনুপস্থিতি সেলেসাও শিবিরে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।
আগামী ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল জাতীয় ফুটবল দল। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
তবে নেইমারের চোট কতটা গুরুতর এবং তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বাংলা টেলিগ্রাফ স্পোর্টস- বিটিএস
















































